সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী,  আগামী ২ নভেম্বর এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ-৬ আসনটি শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত।