ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ভারত সামরিক উত্তেজনা বাড়াতে চায় না। তবে ভারতের ওপর কোনো সামরিক আঘাত এলে তা ‘অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করা হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দিল্লিতে অনুষ্ঠিত ২০তম ভারত-ইরান যৌথ কমিশন বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে স্বাগত জানান। এ বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন পেহেলগামে হিন্দু পর্যটকদের ওপর চালানো হামলার ঘটনায় ভারতের নিরাপত্তা বাহিনী ‘সুনির্দিষ্ট ও সীমিত’ সামরিক অভিযান পরিচালনা করেছে।

জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘আপনি এমন একটি সময়ে ভারত সফর করছেন যখন আমরা একটি বর্বরোচিত সন্ত্রাসী হামলার জবাব দিচ্ছি।’ তিনি জানান, পেহেলগামে যে হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, তার পেছনে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের হাত রয়েছে বলে দিল্লির বিশ্বাস। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।

ভারতের বিমান হামলা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া ছিল লক্ষ্যভিত্তিক ও সীমিত পরিসরে। এটা আমাদের উদ্দেশ্য নয় যে আমরা পরিস্থিতি উত্তপ্ত করতে চাই। তবে ভারতের ওপর কোনো ধরনের সামরিক আঘাত এলে, অত্যন্ত কঠোর জবাব দেয়া হবে।’

তিনি আব্বাস আরাঘচিকে বলেন, ‘একজন প্রতিবেশী ও অংশীদার হিসেবে আপনাদের পক্ষে এ পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানা গুরুত্বপূর্ণ।’

ইরান এরই মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ও পারস্পরিক পাল্টা হামলার প্রেক্ষাপটে এ মন্তব্য কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।