টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী নম্বরবিহীন একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার জগৎপুরা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ভূঞাপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। বৃদ্ধকে চাপা দেয়ার পরপরই পালিয়ে গেছে ট্রাক চালক ও তার সহকারী।
আজ শুক্রবার দুপুরে উপজেলার জগৎপুরার অবৈধ বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে জগৎপুরা এলাকায় অবৈধভাবে বালুর ঘাট তৈরি করে বিভিন্ন জায়গায় বালু বিক্রি করছে। করোনার মধ্যে পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকলেও বালুর ট্রাক চলছে নির্বিঘ্নে!
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ মারা গেছেন। উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস গিয়ে নেভায়।
লকডাউনের বালুর ট্রাক চলাচলের ব্যাপারে তিনি বলেন, উন্নয়ন কাজের জন্য এই বালুর ট্রাক চলে। এটি নিছক একটি দুর্ঘটনা।









