রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম চিনগ্ধী চাকমা (৫৫)। এ ঘটনায় তার স্বামী সুরেশ চাকমা গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩টার দিকে বাঙ্গালহালিয়া ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে রাজস্থলী থেকে আসা খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ নম্বরের ট্রাকটির সংঘর্ষ হয়। এতে চিনগ্ধী চাকমা ও তার স্বামী সুরেশ চাকমা গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেয়ার পথে চিনগ্ধী চাকমার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত সিএনজি চালককেও গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান পাঠানো হয়েছে।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজীব জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার আগেই নারীর মৃত্যু হয়। তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল আহমেদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।










