ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে পর্ষদের যাবতীয় ক্ষমতা দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। আজ রোববার রাত পৌনে ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

ইসলামী ব্যাংকের পর্ষদে চেয়ারম্যানসহ মোট পাঁচজন পরিচালক ছিলেন, যাদের সবার নিয়োগ বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হয়েছিল।

তাদের সবার নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক-কোম্পানি, আমানতকারী ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।