চিকিৎসকরা জানিয়েছেন, বন্যার পানিতে সাপের আবাসস্থল তলিয়ে গেছে। ফলে সাপ লোকালয়ে আশ্রয় নিচ্ছে, মানুষের সঙ্গে সংঘর্ষের ঘটনাও বাড়ছে। তবে পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অ্যান্টিভেনম মজুদ রাখা এবং চিকিৎসকদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। বন্যার কারণে সাপের উপদ্রব বৃদ্ধিকে নতুন উদ্বেগ হিসেবে দেখছেন তারা।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বন্যা শুরুর পর থেকে চট্টগ্রামের ১৫টি উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ১৬ জুলাই পর্যন্ত সাপে কাটা ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চার থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এ সময় চট্টগ্রামে কেউ মারা যায়নি। এছাড়া হাসপাতালগুলোতে প্রায় ১ হাজার ১০০ ডোজ অ্যান্টিভেনম মজুদ আছে।
অন্যদিকে কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, জেলায় ১৬ জুলাই পর্যন্ত মোট ১৮ জন সাপের কামড়ে আহত হয়েছেন। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিভিন্ন উপজেলায় মোট ১০৫ ডোজ অ্যান্টিভেনম মজুদ রয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, বন্যায় আক্রান্তদের অধিকাংশই পানিবন্দি এলাকায় বসবাসকারী। তারা বন্যার পানি ভেঙে ঘরবাড়ি, আঙিনা কিংবা কৃষিজমিতে চলাচলের সময় সাপের কামড়ের শিকার হয়েছেন। বন্যার পানিতে সাপের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় এবং চলাচলের জায়গা উন্মুক্ত হয়ে পড়ায় সাপ লোকালয়ে চলে আসছে। ফলে মানুষের সংস্পর্শে এলে সাপের কামড়ের ঝুঁকিও বেড়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও কক্সবাজারের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখা হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে, যাতে আক্রান্ত রোগীরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন।
গত ১২ জুলাই সাতকানিয়ার বাসিন্দা মাওলানা নুরুল হক সাপের কামড়ে আক্রান্ত হন। পরে তাকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের জরিপ আলী সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সাপের কামড়ে আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
এ প্রসঙ্গে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের চট্টগ্রাম সমন্বয়ক নাইমুল ইসলাম নিলয় বণিক বার্তাকে জানান, গত ১২ জুলাই সাতকানিয়ার কেওচিয়া এলাকায় একজনকে সাপে কামড়ানোর পর ১৪ জুলাই তাদের টিমের সদস্যরা একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করেন। এছাড়া বন্যার কারণে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, আনোয়ারা ও চন্দনাইশে অজগর, কেউটেসহ বিভিন্ন বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। বন্যায় সাপের আবাসস্থল নষ্ট হয়ে লোকালয়ে চলে আসায় সাপে কাটার ঘটনা বেড়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন বণিক বার্তাকে বলেন, ‘সম্প্রতি বন্যায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ২৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষধর সাপের কামড়ের কারণে তাদের রেফার করা হয়েছিল। এছাড়া অন্যান্য পোকা বা প্রাণীর কামড়ে আরো প্রায় ১০ জন আক্রান্ত হয়েছেন। হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে।’
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেশমি চাকমা বণিক বার্তাকে বলেন, ‘বন্যার সময় উপজেলায় প্রায় ১৫ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের অ্যান্টিভেনম দেয়া হয়েছে এবং সবাই সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে।’
জানা গেছে, বন্যায় সাপে কাটা রোগীদের মধ্যে জলধোঁড়া, মেটে ও লাউডগা জাতীয় সাপের কামড়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তবে গোখরা, শঙ্খিনী, কালাচ, সবুজবোড়াসহ অন্যান্য বিষধর সাপের উপদ্রবও বেড়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ১৬ জুলাই পর্যন্ত ১০৫ জন সাপে কাটা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। উপজেলা ও সিভিল সার্জন কার্যালয়ে প্রায় ১ হাজার ১০০ ডোজ অ্যান্টিভেনম সংরক্ষিত আছে।’
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফজলে রাব্বি বণিক বার্তাকে বলেন, ‘চট্টগ্রাম ও কক্সবাজারে সাপে কাটা রোগীদের প্রয়োজনীয় অ্যান্টিভেনম দেয়া হয়েছে। সব জেলাতেই অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুদ রয়েছে। বন্যার সময় পানিবন্দি পরিস্থিতির কারণে সাপের উপদ্রব বেড়ে যায়। বিষধর সাপের কামড়ে মৃত্যুঝুঁকি থাকায় সাপে কাটা রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘বন্যার সময় রাতে চলাচলের ক্ষেত্রে আলো ব্যবহার করতে হবে। মাটিতে না ঘুমিয়ে উঁচু স্থানে ও মশারি টাঙিয়ে ঘুমানো উচিত। সাপে কামড়ালে কোনো কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে। বন্যার কারণে সাপের বাসস্থান নষ্ট হয়ে গেলে তারা লোকালয়ে ছড়িয়ে পড়ে। বাসস্থান হারিয়ে সাপও আতঙ্কিত থাকে। এছাড়া বন্যার সময় কোবরা সাপের প্রজনন মৌসুম চলায় তারা তুলনামূলক বেশি আক্রমণাত্মক থাকে। তাই বন্যার আগে হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার পাশাপাশি মানুষের সচেতনতা বাড়াতে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে কোথায় কোথায় বন্যা হতে পারে সেটা আমরা আগে থেকেই ধারণা করতে পারি। সে কারণে দায়িত্বশীলদের আগেই বিষয়টি নিয়ে এলাকায় এলাকায় গিয়ে সচেতনতা বাড়াতে হবে। অগ্রিম সতর্কবার্তা দেয়া হলে সাপে কাটা রোগীদের সংখ্যা কমে আসবে।’










