দিনাজপুরের বিরামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনের সাথে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এর চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী এলাকার সেগুনবাগান গ্রামের সাইদুর রহমানের ছেলে সুজন রহমান (৩৭), তার বন্ধু একই গ্রামের ওসমান গনি (৩০) ও বিপ্লব হোসেন (৩০)।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বিরামপুর থেকে একই মোটরসাইকেল যোগে ওই তিন যুবক নবাবগঞ্জে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় ওই সড়কের জোলাগাড়ি নামক স্থানে একটি কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত ভেপু মেশিন দাঁড়ানো ছিল। এসময় দ্রতগামীর ওই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ভেপু মেশিনের সাথে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই যুবক নিহত হয়। আহত অবস্থায় অপর এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।