স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, আজ শুক্রবার (২৬ জুলাই) ও আগামীকাল শনিবারও কারফিউ বলবৎ থাকবে। তবে এই দুদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা শেষে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না। পরে পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। সারাদেশে চিরুনি অভিযান চলছে। যতদিন পর্যন্ত সব আসামি ধরা না পড়বে ততদিন পর্যন্ত অভিযান চলবে।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশে ব্যাপক সহিংসতার পর গত ১৯ জুলাই রাত থেকে কারফিউ চলছে। তবে দিনের কিছু সময়ের জন্য শিথিল রাখা হচ্ছে কারফিউ। ধীরে ধীরে শিথিলতার সময় বাড়ানো হলেও কারফিউ পুরোপুরি তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়নি সরকার।