প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ২৩ ও ২৫ মে একই মাঠে সিরিজে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী ২ জুন সকালে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ৮ জুন সকালে ডালাসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র মাঠে নামবে আরো আগে। স্বাগতিকরা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডার। তার আগে তিন ম্যাচের সিরিজটি দুই দলের জন্যই প্রস্তুতির দারুণ এক মঞ্চ। এ মাঠেই নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র্।
সম্প্রতি হোম সিরিজে জিম্বাবুয়েকে ৪-১-এ হারালেও ব্যাটিং নিয়ে অস্বস্তি রয়ে গেছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ছিল ১৬৫। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ফর্মহীন। হাঁটুর চোট থেকে সেরে উঠছেন সৌম্য সরকার। সাকিব আল হাসান প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। তার ছন্দ ফিরে পেতে সময় লাগতে পারে। বাংলাদেশের ব্যাটিংয়ের অনেকটাই এখন নির্ভর করছে তাওহিদ হৃদয় আর অভিজ্ঞ মাহমুদউল্লাহর ওপর। তবে এই সিরিজ দিয়েই বিশ্বকাপের আগে ফর্মে ফেরার সুযোগ রয়েছে শান্ত, লিটন, সৌম্যর।










