এ সময় অবৈধভাবে মজুদের অভিযোগে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গতকাল হাসপাতালসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। এসব পৃথক অভিযোনে হাসপাতাল সিলগালাসহ কয়েক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় পৃথক দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদকৃত ১ হাজার ২৫০ লিটার জ্বালানি তেল ও পেট্রল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তেল মজুদের দায়ে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে ফিলিং স্টেশনের পেট্রল অন্যত্র বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকার অভিযান চালিয়ে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন এবং টেপরা এলাকার ডিজেল ডিলার মামুন প্রধানকে আটক করে থানায় সোপর্দ করেন। গোয়েন্দা সূত্র জানায়, নারায়ণগঞ্জ মেঘনা ডিপো থেকে প্রায় সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি নিয়ে লরিটি বুধবার সন্ধ্যায় পাম্পে পৌঁছায়।

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গতকাল পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি মো. বায়জিদ সরদার। তিনি জানান, ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রল উদ্ধার করা হয়।

নোয়াখালী: হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা। গত বুধবার রাতে উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে মজুদকালে প্রায় ৩ লাখ টাকা মূল্যের তিন হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে অসংগতি ধরা পড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল জেলার সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তদারকিতে ব্যবসায়ীদের ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর: হারুকান্দি এলাকায় অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার মজুদ করার দায়ে মীর কাউসার আলীর প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

নরসিংদী: জেলার গ্যাস রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় মা জেনারেল অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালকে ১ লাখ টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যশোর: যশোরের অভয়নগরে অবৈধ ও নানা অব্যবস্থাপনায় পরিচালিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং একটি প্রাইভেট হাসপাতালকে জরিমানা করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। একই সঙ্গে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় আল মদিনা প্রাইভেট হাসপাতালকে ভোক্তা-অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।