সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল তাকে লিখিতভাবে এ নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।
তিনি যে কোনো সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাংচুর হয়। ওই ঘটনায় বিএনপির একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠে। এর কয়েকদিন পরই প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।

এছাড়া একই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি সাবেক কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের স্ত্রী ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন।
২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে গুলিতে নিহত হন মিরপুর থানার বিএনপি নেতা ও তৎকালীন ৮ নম্বর ওয়ার্ড কমিশনার নিউটন। অন্যদিকে ২০১৫ সালের ৩ মে কারাগারে মারা যান পিন্টু।










