বন্যাদুর্গত এলাকায় কৃষি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণ করে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি উপদেষ্টা বলেন, ‘বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় আমন ধানের উৎপাদন নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। তবে তা সম্ভব না হলে শাকসবজিসহ অন্যান্য উপযোগী ফসলের উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিতে হবে।’

তিনি জানান, বন্যা-পরবর্তী সময়ে কৃষি পুনর্বাসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। পাশাপাশি বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

কৃষি উপদেষ্টা বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হলে তা দ্রুত নিরসনে পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে রাস্তা কেটে বা অন্য উপায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।’

সভায় বন্যাকবলিত এলাকায় কৃষি পুনর্বাসন ও পুনর্গঠন বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে দ্রুত বীজতলা প্রস্তুতকরণ, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় রাখা এবং বন্যার পর ব্লক ও উপজেলাভিত্তিক পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা।