কভিডে আক্রান্ত মাকে বাঁচাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে হাসপাতাল নিয়ে যাওয়ার ঘটনায় আলোচিত সেই মা ও ছেলেকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন।
গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। মা স্কুলশিক্ষিকা রেহেনা বেগম ও ছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান টিটুর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।
সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন সেই মা ও ছেলে। বিষয়টি মিডিয়ায় তুলে ধরায় কৃতজ্ঞতা জানান সাংবাদিকদের প্রতি। সংবর্ধনা অনুষ্ঠানে নলছিটি প্রেস ক্লাবের যু্গ্ম সম্পাদক মিলন কান্তি দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কেএম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।










