পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ফসল হচ্ছে ৩৬ জুলাই। কিন্তু জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে বিএনপির ১৬ বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন- সংগ্রামের মাধ্যমে।
রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক, এবং সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধতার সফল সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে।
পানি সম্পদ মন্ত্রী আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিয়ে ছাত্ররা আমাদের ঋণী করে গেছেন। এখন শহীদদের ঋণ পরিশোধের পালা। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিরোধ নয় বরং ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই বলেও তিনি জানান।
তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। এসময় জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথাও তিনি মনে করিয়ে দেন।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আহমেদ জীবন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, আলোকচিত্র শিল্পী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম।









