ঝালকাঠির কাঁঠালিয়ায় বিজয়ী ও পরাজিত ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। গতকাল দুপুরে নিহতের বাবা শাহ আলম আকন লাল মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় নবনির্বাচিত ইউপি মেম্বার মজিবর রহমানকে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ছোনাউটা গ্রামের আলিম সিকদার, আবদুল মালেক, সিরাজ সিকদার ও মো. শাহজাহান।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২১ জুন কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন মজিবর রহমান। মঙ্গলবার রাতে বিজয়ী মেম্বারের সমর্থকরা স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পিকনিকের আয়োজন করে। একই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিজয়ী মেম্বার মজিবর রহমানের সমর্থকরা তাকে আটকে বেঁধে রাখে। এ খবর পেয়ে ফারুকের লোকজন আটক আলী হোসেনকে ছাড়াতে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত কলেজ ছাত্র আরিফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, পুলিশ ঘটনার পর পরই তিনজনকে আটক করে। পরে আরো একজনকে গ্রেফতার করা হয়।