স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সাম্প্রতিক সময়ের বন্যা নিয়ে আক্ষেপ না করে আগামীতে
বন্যা পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায়, সেজন্য আমরা কী প্রচেষ্টা চালাচ্ছি তা পর্যালোচনা
করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক বা রাস্তা সংস্কারকে এখন আমরা আগে গুরুত্ব দিচ্ছি। রোববার
(১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের
সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম
বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ অনান্য কর্মকর্তারা।
এ এফ হাসান আরিফ বলেন, সব সংস্থার মধ্যে
প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা
মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ থেকে সব পর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ।
তাছাড়া বন্যা পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা দরকার। সেজন্য সব
সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থা
স্বাভাবিক করতে আমরা সব পদক্ষেপ গ্রহণ করব।










