তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আজকে মধ্যরাত কিংবা আগামীকাল সকালের মধ্যে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেয়া হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশী-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে মধ্যরাতের পর বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো। ওনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েক জন চিকিৎসক সঙ্গে যাবেন।

কাতারের আমিরের বিশেষ বিমান 'রয়েল এয়ার অ্যাম্বুলেন্স' এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। ডা. জাহিদ দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।