সেখানে প্রথম সারিতে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও স্ত্রী জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দুসহ অনেকেই।

গতকাল বেলা ১১টা ৫ মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশন শুরু হয়। এ সময় অধিবেশন কক্ষে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ সংসদের চারপাশের দর্শক গ্যালারিগুলো আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। সংসদ সচিবালয় বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানায়। ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন।

স্পিকারের ডান পাশের গ্যালারিতে বসেন জুবাইদা রহমান, তার মা সৈয়দা ইকবাল মান্দবানু, মেয়ে জাইমা রহমান এবং শর্মিলা রহমান। এছাড়া শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং শাহিনা খান বিন্দুও সেখানে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এটিএম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বাম পাশের গ্যালারিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের কূটনীতিক। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এছাড়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় করে হাসপাতালে নেয়া রিকশাচালক নুর মুহাম্মদকেও দর্শক গ্যালারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা যায়।