বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াতে ইসলামী কোথাও এমপি হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বকুল বাড়িয়া পাতাবুনিয়া হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন নুর।
নুরুল হক নুর বলেন, জামায়াতে ইসলামী বিএনপির সহযোগিতা ছাড়া কোনো জায়গায় এমপি হয়নি। যদিও জামায়াত একটি জোট করেছে, চরমোনাই একটি জোট করেছে; তাদের প্রতি আমাদের শুভকামনা, তাদের জন্য দোয়া।
এ সময় তিনি বলেন, এ সমাবেশ থেকে আর কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেয়া হবে না। যারা বাড়াবাড়ি করবে, তাদেরকে সবাই মিলে উচিত শিক্ষা দেবেন।
তিনি আরো বলেন, আমরা বারবার বলেছি, দশমিনা ও গলাচিপায় সবাইকে নিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই— সবাইকে সঙ্গে নিয়ে একটি উৎসবমুখর, আনন্দঘন নির্বাচনী পরিবেশ তৈরি করতে চাই।










