প্রবাসীদের বিভিন্ন সেবাগ্রহণ আরো সহজ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) জন্য প্রবাসীদেরকে আর দেশে আসতে হবে না। বিদেশে বসেই প্রবাসীরা এনআইডি কার্ড পাবেন।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি হোটেলে সিলেট কর অঞ্চল আয়োজিত সেরা করদাতাদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রবাসীরা জমিসহ বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েন। তাদের এসব সমস্যা সমাধানে বিশেষ ট্রাইব্যুনাল করার প্রস্তাব দিলেও তা এখনও পাস হয়নি। ট্রাইব্যুনাল হলে অনেক সমস্যার সহজেই সমাধান হবে।’ প্রবাসীদের উদ্দেশে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘প্রতিবছর ৩০ ডিসেম্বর প্রবাসী দিবস হিসেবে পালন করা হবে। ইতোমধ্যে মন্ত্রিসভা তা অনুমোদন দিয়েছে। এর মূল লক্ষ্য হবে প্রবাসীদের কথা শোনা ও তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি। সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মর্তুজা শরিফুল ইসলাম।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কর প্রদান পদ্ধতি আরো সহজ ও ডিজিটাল করার ব্যাপারে তাগিদ দেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে করদাতাদের ক্রেস্ট, সনদ, গিফট বক্স ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সিলেট বিভাগের ৪ জেলা ও সিসিকের ৩৫ ব্যক্তিকে সেরা করদাতা সম্মাননা দেয়া হয়। সিটি কর্পোরেশন পর্যায়ে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা থেকে মোট ১০ জন দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫ জন সর্বোচ্চ ৫ জন নারী, ৫ জন তরুণ পুরুষ করদাতা নির্বাচিত হয়েছেন।










