সরকার তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে নিয়োগ দিয়েছে এবং একজন সচিবের পদায়ন পরিবর্তন করেছে। রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগ ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব এসএম শাকিল আখতারকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী পদোন্নতি পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হয়েছেন।