বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। আমরা যদি তাকে অবতরণের অনুমতি না দিতাম, তবে একদম অন্যরকম এক পরিস্থিতি সৃষ্টি হতো।
আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬ এর কর্ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিনদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কখন প্রত্যর্পণ করবে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, হাসিনাকে আইএএফ (ভারতীয় বিমানবাহিনী) বা ভারতের সেনাবাহিনী নিয়ে আসেনি। ওই সময় বাংলাদেশের বিয়োগান্তক ঘটনার কারণে তিনি এসেছিলেন। এমন ঘটনা সংগঠিত হওয়া উচিত ছিল না যেখানে নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছেন। বাংলাদেশের সামরিক বিমানে তাকে ভারতে নেয়া হয়েছিল।
দীনেশ ত্রিবেদী বলেন, তিনি (শেখ হাসিনা) যখন ঢাকা ত্যাগ করেন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারত এ পরিস্থিতিটির জন্য প্রস্তুত ছিল না। আমরা যদি তাকে অবতরণের অনুমতি না দিতাম, তবে একদম অন্যরকম এক পরিস্থিতির সৃষ্টি হতো। প্রতিবেশি হিসেবে আমাদের দায়িত্ব ছিল জীবনের বাস্তবতা মেনে নেয়া। কারণ পরিস্থিতি এমন আসে যে ওই সময়ের জন্য আপনি প্রস্তুত থাকেন না। আমাদের বিকল্প কি ছিল?









