ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ ঘোষিত ৭ টন পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী পলিথিন জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক মো. এনামুল হক ও হেলপার মো. মাসুদকে আটক করা হয়েছে।

বুধবার বিকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী।

হাইওয়ে পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচে ফায়ার সার্ভিসের সামনের (চট্টগ্রামমুখী) এলাকায় অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এ সময় একটি ট্রাক থেকে ৭ টন পরিবেশ দূষণকারী পলিথিন জব্দ করা হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, নিষিদ্ধ ঘোষিত ৭ টন পলিথিন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া অবৈধ পলিথিন বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।