আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী আমানতের টাকা তুলতে পারবেন।

গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানও উপস্থিত ছিলেন।

বৈঠকে গভর্নর বলেন, ‘জাতীয় সংসদে অর্থমন্ত্রী সম্মিলিত ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দেন। এ বিষয়ে আমানতকারীদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে এ ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হবে যে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।’

চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানতের ওপর মুনাফা কর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির ওপর কোনো মুনাফা দেয়া হবে না জানিয়ে সেদিন পাঁচ ব্যাংককে চিঠি দেয়া হয়। বৈশ্বিক চর্চার অংশ হিসেবে দুই বছরের মুনাফা কর্তনের সিদ্ধান্ত নেয়া হলেও গ্রাহকদের টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সেই আদেশ থেকে সরে এল নিয়ন্ত্রণ সংস্থা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বরের ঘোষিত স্কিম অনুযায়ী এরই মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হচ্ছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন।

সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মিলিত ইসলামী ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে।

দীর্ঘদিন আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে না পারা শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকগুলো এতদিন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দিয়ে চলছিল। তবে সম্প্রতি সব প্রশাসক তুলে এনে সরকারের নিয়োগ দেয়া পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেয়া হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেয়া হবে।