যশোরের শার্শা সীমান্ত থেকে গতকাল শাকিব হোসেন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
নিহত সাকিব হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে। সে শার্শার গোগা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাাবসী জানান, পারিবারিক কলহে এক বছর বয়সে বাবা-মা থেকে বিচ্ছিন্ন শাকিব শার্শার গোগা গ্রামে নানা আকবার আলীর বাড়িতে থাকত। ইজিবাইকচালক নানা শাকিবকে ভর্তি করেন স্কুলে। নানার সংসারে সহযোগিতা করতে লেখাপড়ার মধ্যে মাঝে মাঝে ইজিবাইক চালায় শাকিব। সোমবার দুপুরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় শাকিব। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সবাই খোঁজাখুঁজি করে। তার ব্যবহূত মোবাইল বন্ধ থাকায় দুশ্চিন্তা বাড়ে নানার। একপর্যায়ে সকালে জানতে পারেন শার্শা ধলদা মাঠের একটি কুলবাগানে এক কিশোরের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে শাকিবের মরদেহ শনাক্ত করে পরিবারের সদস্যরা। তাকে কুপিয়ে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, শাকিবের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম ছিল।









