রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২), কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) ও বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে পিকআপে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবু ফয়সল বলেন, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয় এবং অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি জেনারেল হাসপাতাল ও মর্গ পরিদর্শন করেন। এ সময় তিনি নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।










