আর্থিক খাতের কোনো প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ে কাউকে নিয়োগ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তার ওপর চাপ থাকলেও আর্থিক প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের বিষয়ে সরকার কোনো আপস করবে না। আর্থিক খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

রাজধানীতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্যে আজ এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো দলীয় লোক দিচ্ছি না, দেবো না। আমার ওপর চাপ থাকা সত্ত্বেও দেব না। এটা সরকারের সিদ্ধান্ত।’

তিনি বলেন, দেশের আর্থিক খাতকে আরো শক্তিশালী ও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে। এ খাতের উন্নয়নে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে।

অর্থমন্ত্রী আরো বলেন, বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এসব প্রতিষ্ঠান বাংলাদেশে আসবে এবং বিনিয়োগ করবে। এর মাধ্যমে দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

আইসিবির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলা ও দেশের পুঁজিবাজারে এর ভূমিকার কথা তুলে ধরেন। আইসিবি ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের পুঁজিবাজার ও বিনিয়োগ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইসিবির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।