কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বিভিন্ন রকম প্লেকার্ড নিয়ে জড়ো হোন তারা। এরপর মিছিল নিয়ে নগরীর তালাইমারি হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা।

এসময়  'জেগেছে রে জেগেছে রুয়েটবাসী জেগেছে', 'সংবিধান পরিপন্থী কোটা ব্যবস্থা নিপাত যাক', 'স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'হয় যদি কোটার চাষ পড়বো কেনো বারো মাস', 'আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', 'সারা বাংলায় খরব দে কোটা প্রথার কবর দে' এমন সব স্লোগান দেন শিক্ষার্থীরা।

আন্দোলনে শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ ইমন বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার করতে হবে। মোট ৫৬% কোটা কমিয়ে প্রতিবন্ধী বা উপজাতিদের কোটা বহাল থাকুক আর ৫% মুক্তিযোদ্ধা কোটা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহাদ বিন ইউসুফ জানান, বর্তমানে সরকারি চাকরির যে কোটা করা হয়েছে এটা পুরাটায় সংবিধান অনুযায়ী অবৈধ। ১৯৭২ সালে যখন আমাদের সংবিধানে কোটা আনা হলো, এটা ছিলো অস্থায়ী। যেখানে সংবিধানের ২৮(৪) নং বলা হয়ে হয়েছে যারা পিছিয়ে পরা জনগোষ্ঠী শুধু তাদের জন্য এ কোটা বরাদ্দ থাকবে। থার্ড জেনারেশনকে কখনোই পিছিয়ে পরা জনগোষ্ঠী বলা যায় না।