দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ নতুন নিয়মের ঘোষণা দেয়। ফলে এখন থেকে বিদেশী শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং গণমাধ্যম প্রতিনিধিদের জন্য সুনির্দিষ্ট ও সীমিত সময়ের ভিসা নীতি কার্যকর হবে।
উচ্চ শিক্ষার উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান বাংলাদেশী শিক্ষার্থীরা। এর মধ্যে অনেকেরই লক্ষ্য থাকে পড়াশোনা শেষে চাকরি নিয়ে সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়া। বিদেশের উচ্চ শিক্ষার গন্তব্য হিসেবে বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় দেশ যুক্তরাষ্ট্র। তবে নতুন এ নীতিমালার ফলে নানামুখী চাপে পড়েছেন দেশটিতে থাকা বাংলাদেশী শিক্ষার্থীরা। অনেকেই বলছেন, একরকম অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে।
১৯৭৮ সালের পর থেকে চলা নিয়মের আমূল পরিবর্তন এনে নতুন নীতিমালায় স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসাধারীদের সুনির্দিষ্ট শিক্ষাবর্ষ বা প্রোগ্রামের মেয়াদের জন্য অনুমোদন দেয়া হবে, যার মেয়াদ হবে সর্বোচ্চ চার বছর। কোনো শিক্ষার্থীর যদি তার কোর্স শেষ করতে চার বছরের বেশি অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, তবে তাকে সরাসরি ‘ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস’-এর (ইউএসসিআইএস) কাছে ‘এক্সটেনশন অব স্টে’-এর জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হবে। এর মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর তদারকি ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের স্টাফদের (ডিএসও) হাত থেকে সরাসরি ফেডারেল কর্তৃপক্ষের কাছে চলে যাবে। একই সঙ্গে আবেদনকারীদের কঠোর বায়োমেট্রিক পরীক্ষা, ব্যাকগ্রাউন্ড চেক এবং জালিয়াতি স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে।
এছাড়া ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীদের দেশ ছাড়ার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় পরিবর্তন কিংবা ভিসার স্ট্যাটাস পরিবর্তনের জন্য বরাদ্দকৃত গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় ৬০ দিন থেকে কমিয়ে মাত্র ৩০ দিন করা হয়েছে। নতুন নিয়মে শিক্ষার্থীদের হুটহাট মেজর বা একাডেমিক কোর্স পরিবর্তনের সুযোগ সংকুচিত করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন এ সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি একাডেমিক পরিকল্পনার ওপর সবচেয়ে বড় প্রভাব পড়বে বলে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মনিরুজ্জামান (ছদ্মনাম)। তিনি বণিক বার্তাকে বলেন, ‘যারা মাস্টার্স শেষে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেইনিং (ওপিটি), চাকরি বা পরবর্তী পর্যায়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করেন, তাদের জন্য অনিশ্চয়তা কিছুটা বাড়বে। যদিও চার বছরের মেয়াদ অধিকাংশ মাস্টার্স শিক্ষার্থীর জন্য যথেষ্ট, কিন্তু পরবর্তী ধাপে ওপিটি, নতুন ডিগ্রি বা অন্য কোনো বৈধ স্ট্যাটাসে যেতে হলে আগের তুলনায় আরো সতর্কভাবে পরিকল্পনা করতে হবে।’
এ ধরনের নীতিগত পরিবর্তনে প্রশাসনিক জটিলতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দুটিই বাড়বে জানিয়ে তিনি আরো বলেন, ‘সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে পিএইচডি শিক্ষার্থীদের ওপর। যুক্তরাষ্ট্রে অধিকাংশ পিএইচডি প্রোগ্রাম শেষ করতে অনেক ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত সময় লাগে। ফলে আগে যেখানে ডিউরেশন অব স্ট্যাটাসের (ডি/এস) আওতায় অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়াই পড়াশোনা চালিয়ে যাওয়া যেত, সেখানে এখন অনেক শিক্ষার্থীকে মাঝপথেই ভিসা স্ট্যাটাস এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে।’
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মোট ভিসা অনুমোদনের সংখ্যা ছিল ১৮ লক্ষাধিক, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশেরও বেশি। এছাড়া ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে যুক্তরাষ্ট্র পাঁচ লাখের বেশি এক্সচেঞ্জ ভিজিটর এবং প্রায় ৩৭ হাজার ৩০০ জন বিদেশী সাংবাদিককে ভিসা প্রদান করেছিল।
যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি তুলনামূলক কঠিন হয়ে উঠলেও দেশটিতে সর্বশেষ শিক্ষাবর্ষেও বাংলাদেশে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৭ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০ হাজার ১৫৬-এ দাঁড়িয়েছে। এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৯৯। আর গত ছয় শিক্ষাবর্ষের তুলনা করে দেখা গেছে, এ সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১২৮ শতাংশ। ওই শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৮৩৮।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ বণিক বার্তাকে বলেন, ‘এ নীতি অবৈধ অবস্থান নিয়ন্ত্রণের নামে বৈধ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি করবে। বিশেষ করে চার বছরের বেশি সময় প্রয়োজন হয় এমন পিএইচডি ও গবেষণা প্রোগ্রামের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন। তবে এটি ভিসার মেয়াদ নয়, মূলত যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমোদিত সময়সীমা পরিবর্তনের বিষয়।’
আরেক পিএইচডি শিক্ষার্থী সালমান সাকিল বলেন, ‘সাধারণ মাস্টার্স বা ডিগ্রির পর শিক্ষার্থীরা সাধারণত এক বছর এবং স্টেম ফিল্ডের শিক্ষার্থীরা তিন বছর পর্যন্ত ওপিটির অধীনে যুক্তরাষ্ট্রে কাজ করার ও থাকার সুযোগ পান। নিয়ম অনুযায়ী আগে কোর্স শেষ হওয়ার পর স্ট্যাটাস পরিবর্তনের জন্য ৬০ দিন সময় পাওয়া যেত, যা এখন কমিয়ে ৩০ দিন করা হয়েছে। এই ৩০ দিনের মধ্যে ওপিটি আবেদন বা পিএইচডিতে ভর্তি নিশ্চিত না হলে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। নতুন নীতিমালা এক জটিল পরিস্থিতি তৈরি করেছে। অনেকেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন।’










