বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বণিক বার্তাকে বলেন, ডিবির উত্তরা বিভাগের একটি দল মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে। তাকে এয়ারপোর্ট থানায় নেয়া হচ্ছে।
এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে আজ বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করেন।









