সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চাকরি হারিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করার কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। ফেসবুকে আপত্তিকর মন্তব্যের কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি নিরাপত্তার কারণ দেখিয়ে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব দেন। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হয়। তদন্ত শেষে গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিন পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের একটি বক্তব্য ঘিরে ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেন তাপসী ঊর্মি। তিনি লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
এ ছাড়া গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য এবং ছাত্র-জনতার আন্দোলনবিরোধী বিভিন্ন অবস্থান তার ফেসবুক পোস্টে উঠে আসে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর তাকে ওএসডি করা হয়। পরদিন সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে আদালতে তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।










