অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাষা শহীদদের স্মরণে একুশে উদযাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অংশীজনদের সমন্বয়ে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। সময়ের ধারায় এ আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সব দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে এরইমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে মেলার শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।










