আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন
ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দেয়ায় আবার
প্রমাণ হয়েছে জামায়াত-বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতাবিরোধী শক্তিই তাদের
দোসর।
আজ শনিবার (২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক
বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের জাতীয় ঐক্যের
আহ্বান হলো মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধবিরোধী এবং দেশবিরোধী অপশক্তির
ঐক্য। জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করল জামায়াত-বিএনপির
সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতাবিরোধী শক্তিই তাদের দোসর।
তিনি আরো বলেন, এ ঐক্যের ডাক এই দেশের স্বাধীনতা
ও সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিসমূহকে স্বাধীনতাবিরোধী
বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
কাদের বলেন, বিএনপি মহাসচিব সন্ত্রাস, সহিংসতা
ও হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করছে। বিএনপি-জামায়াত ও তাদের
দোসররা কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম
নিয়ে এই হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ মোকাবেলা করা হয়েছে।
হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের ঘটনার সুষ্ঠু তদন্তে
বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পাশাপাশি পুলিশি তদন্ত
চলমান। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তের বাইরে থাকবে না।
কোনো গণ গ্রেফতার হচ্ছে না দাবি করে তিনি
বলেন, নিরাপরাধ কেউ হয়রানির শিকার হবে না। তথ্য প্রমাণের ভিত্তিতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










