বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে
কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। গতকাল শুক্রবার
(৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পানগুছি নদীতে ফেরি পারাপারের সময় ডুবে যান ফজলুল
হক (৭০)।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা
উদ্ধারে নামেন। নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়ায় আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে খুলনা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল কাজ শুরু করে।
নিখোঁজ ফজলুল হকের বাড়ি পিরোজপুর জেলার
ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামে।
ঘটনার সময় ফজলুল হকের সঙ্গে ছিলেন ছেলে
সেলিম শেখ। তিনি বলেন, নিকট আত্মীয়ের বিয়েতে মোরেলগঞ্জের ওপারে বরযাত্রী হয়ে যাচ্ছিলাম।
ফেরি পারাপারের সময় বাবা মোবাইল ফোনে কথা বলছিলেন। অসাবধনতাবশত নদীতে পড়ে যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন
মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল
হককে উদ্ধারে অভিযান শুরু করেছি। আজ সকাল সাড়ে ৮টা থেকে খুলনার ডুবুরি দল এসেছে। সন্ধান
না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।










