কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের একটি গ্রুপ অর্থ ও অস্ত্র দিয়ে অপরাজনীতি ও ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়েছে। তাদের সবার নামের তালিকা পেয়েছি। শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান গোয়েন্দা শাখা (ডিবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক টিম অভিযান চালাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি অফিসে অভিযান শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, অর্থ-অস্ত্র দিয়ে একটি গ্রুপ যেভাবে কাজ করছে, একই গ্রুপ গুজব ছড়িয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে কোটা সংস্কার আন্দোলনে। যারা গুজব ছড়াচ্ছে ও অর্থ দিয়ে সহযোগিতা করছে তারা অতীতেও ষড়যন্ত্র করেছে। আমরা তাদের ছাড় দেয়নি।
ডিএমপির ডিবি প্রধান বলেন, যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেয়ার জন্য কোমলমতি ছাত্রদের ব্যবহার করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, রেলের স্লিপার তুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দেয়ার চেষ্টা করছে তাদের সবার নাম পেয়েছি। তাদের বিরুদ্ধে শিগগির ডিবি ও ডিএমপির একাধিক টিম অভিযান চালাবে। কয়েকদিন ধরে সাধারণ ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল। সাধারণ ছাত্রদের ক্লাসে যাওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দেয়া শুরু করে বলে জানান ডিবি প্রধান।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে দুটি বাসে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না। এছাড়া স্বাধীনতাবিরোধী কয়েকটি ছাত্র সংগঠন কয়েকটি জায়গায় মিছিল-সমাবেশ করেছে। আদালতের নির্দেশনা না মেনে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলন ভিন্ন দিকে চালানোর অপচেষ্টা চলছে।
হারুন অর রশীদ আরো বলেন, বিএনপি অফিসে অভিযানে শতাধিকের বেশি ককটেল, পাঁচ বোতল পেট্রোল, ৫০০ লাঠিসোঁটা, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সাতজনকে আটক করা হয়েছে।










