রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি ও কাফরুল থানায় পৃথক একটি মামলা রুজু হয়েছে। চার মামলায় মোট আসামি করা হয়েছে প্রায় দুই হাজার জনকে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে আটক করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান গতকাল গণমাধ্যমকে জানান, মিরপুর থানায় সিটি করপোরেশন বাদী হয়ে গাড়ি পোড়ানোর মামলা, পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলার মামলা এবং ট্রাফিক পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা রুজু করেছে। তিন মামলায় আসামির সংখ্যা ৪০০ থেকে ৫০০ জন করে।

কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন গাড়ি পোড়ানোর অভিযোগে সিটি করপোরেশন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। সেখানে ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে।

এর আগে গত বুধবার মিরপুর-১০ নম্বর সেকশনে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। কয়েক দফা সংঘর্ষের মধ্যে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেয়া হয়। ভাংচুর করা হয় একটি ভেকু, পুলিশের গাড়ি, মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্স ও একটি বেসরকারি টিভির গাড়ি।