গতকাল রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণকালে গণমাধ্যমকে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী বলেন, ‘কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর (ট্যাক্স) কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেয়া হয়েছে। আগামীকাল (আজ) আমদানি কার্যক্রম শুরু হবে।’ ফলে দুই-পাঁচদিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কাঁচাবাজার পরিদর্শনকালে কৃষিমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।’ তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরজমিনে যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন। এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।’
গত মাসের বন্যা ও ভারি বৃষ্টিপাতের পর থেকেই অস্থিতিশীল সবজির বাজার। এরই মধ্যে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে কাঁচামরিচ। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ৪০০ টাকায় পৌঁছেছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর অনুযায়ী, গতকাল রাজধানী ঢাকায় কাঁচামরিচের দাম ছিল ৩০০-৪০০ টাকা। অন্যদিকে কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, গতকাল মোহাম্মদপুর কৃষি মার্কেটে কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি ৩২০-৪০০ টাকা।









