ফেনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৬৬০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ফেনী বিজিবি ব্যাটালিয়ন ৪ এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার খেজুরিয়া, সুবার বাজার, দেবপুর, মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, থ্রী-পিস, সিগারেট, গরু, চকলেটসহ ট্রাক জব্দ করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৬৬০ টাকা। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।