বরিশালে বৈরী আবহাওয়ার কারণে ৩২০ টন পাথর নিয়ে এমবি রায়হান-১১ নামে একটি বাল্কহেড মেঘনা নদীতে ডুবে গিয়েছে। আজ রোববার জেলার মেহেন্দিগঞ্জের উলানিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাল্কহেডের চালকসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের হেফাজতে নেয়া হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জল এ তথ্য জানান। 

তিনি বলেন, পাথর বোঝাই এমভি রায়হান-১১ বাল্কহেডটি সিলেটের সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বেলা সাড়ে বারোটা নাগাদ মেহেন্দিগঞ্জের উলানিয়া লঞ্চঘাট এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ার কারণে ঢেউয়ের তোড়ে বাল্কহেডটি ডুবে যায়।  নদীতে কোস্ট গার্ডের টহল টিম বিষয়টি দেখে ঘটনাস্থলে গিয়ে বাল্কহেডের ৫ শ্রমিককে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসে। 

বাল্কহেডের মালিক মিজান গাজী বলেন, এমভি রায়হান ১১ এর স্টাফরা হলেন,  হারুন, সুমন, করিম, হোসেন ও সবুজ। তার ভাষ্যমতে ডুবোচরের সাথে ধাক্কা লেগে বাল্কহেড ডুবে যায়। বাল্কহেডে ৬ লাখ ৫০ হাজার টাকার পাথর ছিলো।

লে. কে এম শফিউল কিঞ্জল জানান, উদ্ধারকৃত শ্রমিকদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া পানির চাপ কমলে বাল্কহেডটি উদ্ধার করা হবে।