গ্রাহকদের জ্বালানি তেল পরিমাপে কারচুপি করার অভিযোগে রাজধানীর দুটি পেট্রোল পাম্পকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে ত্রুটিপূর্ণ জ্বালানি সরবরাহকারী যন্ত্র সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল ও আজ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেল পরিমাপে কারচুপি ঠেকাতে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
গত রোববার দারুস সালাম থানার কল্যাণপুর এলাকার সোহরাব সার্ভিস স্টেশনের চারটি জ্বালানি সরবরাহকারী যন্ত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি যন্ত্রে বড় ধরনের কারচুপি ধরা পড়ে। প্রতি ১০ লিটার জ্বালানি তেলে একটি যন্ত্রে ১ হাজার ৮০ মিলিলিটার এবং অন্যটিতে ৯৮০ মিলিলিটার কম দেয়া হচ্ছিল।
এ অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ত্রুটিপূর্ণ দুটি যন্ত্র তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়।
আজ সোমবার মগবাজারের সাংবাদিক সেলিনা পারভীন স্মরণী এলাকার মইন মোটরস ফিলিং স্টেশনের অকটেন সরবরাহকারী যন্ত্র পরীক্ষা করা হয়। সেখানে প্রতি ১০ লিটার অকটেনে ৮০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ যন্ত্রটি সিলগালা করা হয়।
দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম ও সাবেকুন নাহার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম, মাঠ কর্মকর্তা সুমাইয়া আফরোজ লিজা এবং পরিদর্শক (মেট্রোলজি) রেজওয়ানুল ইসলাম।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









