ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাটঘর ঋষিপাড়া এলাকায় তিতাস নদী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার দুপুরে উপজেলার নাটঘর ঋষিপাড়া এলাকায় স্থানীয় জেলেরা তিতাস নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তিতাস নদী থেকে ওই ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে।

তিনি আরো বলেন, মরদেহটি আনুমানিক ৮ থেকে ১০ দিন আগের । মরদেহের শরীরে পঁচন ধরেছে। নদীর স্রোতে মরদেহটি অন্য কোথাও থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর মরদেহটি দাফন করবে।