ঢাকার পর সবচেয়ে বেশি করোনাপ্রবণ এলাকা নারায়ণগঞ্জ থেকে জ্বর-সর্দি নিয়ে রুহুল আমিন (২৫) নামের এক যুবক তার নিজ বাড়ি দিনাজপুরের হিলিতে ফিরেছেন। এদিকে তার বাড়িতে ফেরায় এলাকাবাসী করোনাভাইরাসের আতঙ্কে পড়েছেন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স তাকেসহ পরিবারকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করেছেন।
রুহুল আমিন হিলির ইসমাইলপুর গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে। তিনি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ গিয়েছিল, গতকাল তিনি বাড়িতে ফিরে আসেন।
হিলি পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুল ইসলাম জানান, আমার ওয়ার্ডের ইসমাইলপুরের বাসিন্দা রুহুল আমিন জ্বর-সর্দি নিয়ে গতকাল নারায়ণগঞ্জ থেকে তার নিজ বাড়িতে ফিরে। ওই যুবক করোনা আক্রান্ত হয়েছে মর্মে স্থানীয়রা তার আশে পাশে যাচ্ছে না ও তারা আতঙ্কিত হয়ে পড়েন। এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা আমাকে জানালে বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে জানাই।
রুহুল আমিনের বড়ভাই বাবুল হোসেন জানান, আমার ছোটভাই কয়েকদিন পূর্বে ঢাকার নারায়নগঞ্জে তার চাচা শ্বশুরের নিকট টাকা নেওয়ার জন্য যায়। সেখানে চার-পাঁচদিন অবস্থানের পর গতকাল তিনি বাড়িতে ফিরে আসেন। জ্বর-সর্দিতে আক্রান্ত হয়েছে শুনে ভয়ে আমরা নিজেরাও তার কাছে যাইনি। এলাকাবাসীও কেউ তার কাছে যাচ্ছে না। পরে খবর পেয়ে তার বাড়িতে পুলিশ এসে তাকেসহ পরিবারের তিন সদস্যকে বাড়িতে থাকার নির্দেশনা দিয়ে গেছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাঈদ বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা সেই যুবকের শরীরে আপাতত করোনা ভাইরাসের কোন লক্ষণ নেই। এর পরেও যেহেতু তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছে। তাই তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। সেই সাথে আমরা তার বিষয়টিকে সার্বক্ষণিক মনিটরিং করছি।









