মাগুরায় বোনের বাড়ি বেড়াতে আসা শিশু ধর্ষণের ঘটনার প্রধান আসামি হিটু শেখকে ৭ দিনের রিমান্ড এবং তার স্ত্রী ও দুই পুত্রের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আব্দুল মতিন এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল (৯ মার্চ) সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামিদের নিরাপত্তাজনিত কারণে রাত ১২টার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করলে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আব্দুল মতিন প্রধান আসামি হিটু শেখকে ৭ দিনের এবং তার স্ত্রী জায়েদা বেগম, বড় পুত্র রাতুল শেখ ও ছোট পুত্র সজীব শেখকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাগুরা শহরের নান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আট বছরের শিশু। শিশুটির জীবন এখন সংকটাপন্ন। এখনো জ্ঞান ফেরেনি শিশুটির। অচেতন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালের আইসিইউতে রয়েছে।