গাজীপুরের শ্রীপুরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১১জানুয়ারি) সকাল ৯টার পর কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। সেখানে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।

আন্দোলনে যোগ দেয় শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের শ্রমিকরা।

তারা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা করেননি। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় আন্দোলনে নেমেছেন।

আরো জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়া ওভার টাইমসহ নানা বিষয়ে অসঙ্গতি পেয়েছেন শ্রমিকরা।

অসন্তোষের খবরে ঘটনাস্থলে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন।

তিনি বলেন, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যাগ নেয়া হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার পর বেলা সোয়া ১১টার দিকে সড়ক ছেড়ে কারখানার ভেতর চলে যান তারা।

সরেজমিন পরিদর্শনে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।