বাগেরহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কামরান হোসেন (২৩) নামে এক মোটরবাইক চালক নিহত হয়েছেন। এসময় মোটরবাইকে থাকা অন্য এক আরোহী এবং ট্রাক থেকে আলু নামানোর শ্রমিকসহ তিনজন আহত হয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গতকাল শনিবার রাত ১১টার দিকে বাগেরহাট শহর রক্ষাবাঁধের কাঁচা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরান হোসেন বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের ইসারাত হোসেনের ছেলে। তিনি ‘ক্রেজি জিমনেসিয়াম’ নামে একটি জিম চালাতেন। মোটরবাইকে থাকা অন্য আরোহী বাগেরহাট শহরের সরুই এলাকার ইসমাইল হোসেনের ছেলে জাকির খলিফা (৩৫)। আহত শ্রমিক মন্টু তালুকদার (৫৫) পূর্ববাসাবাটি এলাকার সোবাহান তালুকদারের ছেলে। আহত আরেকজন পথচারি সেলিম (৩২)।

বাগেরহাট সদর থানার ওসি (তদন্ত) মো. পান্নু মিয়া বলেন, কামরান হোসেন তার এক বন্ধুকে বিসিক এলাকায় এগিয়ে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শহররক্ষা বাঁধ এলাকায় দাঁড়িয়ে থাকা আলুভর্তি ট্রাকে ধাক্কা লেগে গুরুতর আহত হন। ট্রাক থেকে আলু নামানোর সময় দুই শ্রমিক ও এক পথচারিও আহত হয়। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর কামরান হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।