বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের স্থায়ী সমাধান পারস্পরিক নির্ভরশীলতার মধ্যেই নিহিত। দুই দেশের উন্নয়নের জন্য একে অপরের ওপর নির্ভরশীলতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আজ সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তারা।
ব্রিফিংয়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ‘পারস্পরিক নির্ভরশীলতাই একটি স্থায়ী সমাধান। বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা একে অপরের ওপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরশীলতাই আমাদের একটি পরিবারের মতো করে তোলে। আমরা এই সম্পর্ককে আরো এগিয়ে নিতে চাই। অন্যান্য বিষয়গুলোও সময়ের সঙ্গে নিজেদের গতিতে এগিয়ে যাবে।’
‘যখন অর্থনীতি রাজনীতির চেয়ে এগিয়ে যায়, তখন রাজনীতিও ধীরে ধীরে তার পেছনে চলে আসে’— এমনটা উল্লেখ করে বলেন, ‘অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। যখন সাধারণ মানুষ মনে করবে, এই সম্পর্ক আমাদের সবার জন্য ভালো, তখন রাজনীতিও স্বাভাবিকভাবেই সেই পথ অনুসরণ করবে। তাই অর্থনীতি ও রাজনীতি—দুটিই গুরুত্বপূর্ণ।’
দীনেশ ত্রিবেদী আরো বলেন, ‘শেষ পর্যন্ত প্রশ্ন হলো, মানুষ কী চায়? সাধারণ মানুষের চাহিদা খুব বেশি নয়। তারা খুব বেশি কিছু চায় না, বরং একেবারে মৌলিক কিছু বিষয়ই চায়। আর তাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে শান্তি।’










