পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে শুরু হয়েছে ছুটি। বাংলা নববর্ষের ছুটি মিলিয়ে এ ছুটি থাকবে রোববার পর্যন্ত। ছুটির দিন হওয়ায় আজ শনিবারও (১৩ এপ্রিল) রাজধানী প্রায় ফাঁকা। তার পরও আজ সকাল সাড়ে ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১২১টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ১৬৫। বায়ুর এ মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

গতকাল শুক্রবার একই সময়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। স্কোর ছিল ১৫৮। বায়ুদূষণে প্রথম অবস্থানে নেপালের কাঠমান্ডু। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৮৮।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ার বলছে, বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা। শহরটির স্কোর ১৭৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।