সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দশটি নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর জানায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সরকারি-বেসরকারি দশটি নার্সিং কলেজের ২০১৯-২০২০ সেশনের বিএসসি ইন নার্সিং ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা গত  ১৩ জুন সম্পন্ন হয়। পরীক্ষা সম্পন্ন হওয়ার দুই মাস ৭ দিনের মাথায় এই চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।

গত জুলাই মাসে দেশের সামগ্রিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কর্মকর্তারা কাজ করে ফলাফল প্রস্তুত করেন। পরে বুধবার আনুষ্ঠানিক ভাবে এই ফল প্রকাশ করা হয়। এর মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে বিএসসি ইন নার্সিং এর প্রথম ব্যাচ বের হলো।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কালাম মো. ফজলুর রহমান বলেন, শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা ফলাফল প্রকাশ করতে পেরেছি। এর মধ্য দিয়ে এ বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং প্রথম ব্যাচ গ্র্যাজুয়েশন সম্পন্ন করল।