বান্দরবানের রুমা উপজেলা সদরে বাসের ধাক্কায় মথি ত্রিপুরা (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসচালক মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মৃত মথি ত্রিপুরা ২ নং সদর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আনন্দ পাড়ার রুদ্রিয়া ত্রিপুরা ছেলে এবং সে স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
জানা গেছে, ঘটনার জেরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও স্থানীয়রা। বাসটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন বেথেলপাড়া মাঠের ঘাটে এনে রাখা হয়। মিছিলটি বেথেলপাড়া এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের দ্রুত ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যে আগুন ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বেথেলপাড়া মাঠের ঘাট থেকে সরিয়ে বাসটিকে ১ নং সদর ঘাটে নেয়া হয়। এরপর বাস চালকসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় বাসটি হঠাৎ মথি ত্রিপুরাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সার্বিক বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী। তিনি বণিক বার্তাকে বলেন, মিছিলটি বেথেলপাড়া এলাকায় পৌঁছালে ওই পাড়া থেকে লোকজন এসে বাসে আগুন ধরিয়ে দেয়। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী ছিল মিছিলের পেছনে। বিষয়টি জানার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ কারণে বাসের তেমন ক্ষতি হয়নি। বিক্ষোভকারীরা ওই স্থান ত্যাগ করার পর বাসটিকে ১ নং ঘাটে সরানো হয়। দুর্ঘটনার পরপরই বাসচালককে আটক করা হয়েছে। চালকের লাইসেন্স আছে কিনা, মালিক কে তা দেখা হয়নি। তবে চালকের বিরুদ্ধে দুর্ঘটনাজনিত হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।










