শ্রীলংকার কাছে হার দিয়ে উইমেন্স এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ আজ থাইল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
শুক্রবার শুরু হয়েছে নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টি। শনিবার নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১১২ রানের টার্গেট ১৭ বল হাতে রেখে টপকে যায় সিংহলিজ নারীরা। একই দিন ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ২২ রানে হারায় থাইল্যান্ড।
এবারের এশিয়া কাপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, শ্রীলংকা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। পা হড়কালেই বিপদ নিগারদের। জিতলে কাজটি সহজ হয়ে পড়বে।










